অলিজা ডেভেলপার্সের অনিয়মের রাজত্ব: রাজউকের নোটিশ, তবু থামছে না বেপরোয়া নির্মাণ
জাহেদী আরমান
প্রকাশিত জুন ২৯, ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রাজধানীর উত্তরাস্থ তুরাগ থানার নলভোগ মেইন রোড এলাকায় অলিজা ডেভেলপার্স লিমিটেডের একাধিক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও বিধিবহির্ভূত নির্মাণকাজের অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্বিঘ্নে চলছে নির্মাণকাজ।
নলভোগ মেইন রোডে অলিজা ডেভেলপার্সের নির্মাণাধীন ভবনে পৌঁছালেই চোখে পড়ে আইন লঙ্ঘনের একের পর এক দৃশ্য। নির্মাণকাজ চললেও ভবনের কোথাও নেই রাজউকের বাধ্যতামূলক সাইনবোর্ড — যেখানে থাকার কথা অনুমোদিত নকশার তথ্য, প্রকল্পের বিবরণ ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর নাম। এর চেয়েও গুরুতর, ভবনের কলামে অনুমোদিত সীমার বাইরে রাখা হয়েছে মাত্রাতিরিক্ত বিচ্যুতি বা ডেভিয়েশন — যা কাঠামোগত নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ভবনের সামনের জায়গা ছাড়া নিয়েও রয়েছে স্থানীয়দের মধ্যে দ্বিমত।
২৭ নম্বর, নলভোগ মেইন রোডে অলিজা ডেভেলপার্সের আরেকটি ভবনে দেখা গেছে আরও গুরুতর চিত্র। রাজউকের অনুমোদনে সম্পূর্ণ আবাসিক উদ্দেশ্যে নির্মিত এই ভবনের গেটের দুই পাশে তৈরি করা হয়েছে দুটি বড় দোকানঘর। অনুমোদিত নকশায় এর কোনো অস্তিত্ব নেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অবৈধ বাণিজ্যিক স্থাপনা শুধু আইনের লঙ্ঘন নয়, ভবনের কাঠামোগত নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করে।
এসব অভিযোগের বিষয়ে অলিজা ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ এইচ এম মোকাদ্দেস পলাশের সাথে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের কথা অস্বীকার করেননি। একজন ডেভেলপারের মুখ থেকে এ স্বীকারোক্তি প্রমাণ করে, অনিয়মটি আকস্মিক নয় — বরং জেনেশুনেই আইন ভাঙা হয়েছে।
বিষয়টি নিয়ে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অনিয়ম প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে অলিজা ডেভেলপার্স লিমিটেডকে নোটিশ দেওয়া হয়েছে। তবে নোটিশ দেওয়া হলেও নির্মাণকাজ বন্ধ বা অবৈধ স্থাপনা অপসারণের কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনও চোখে পড়েনি। তিনি আরো বলেন, নকশার ব্যত্যয় ঘটিয়ে আবাসিকে বানিজ্যক স্থাপনা আমাদের নজরে এসেছে , আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এই অনিয়মের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তার নজির ইতোমধ্যে ঘটে গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে একই এলাকার নলভোগ কবরস্থান সংলগ্ন অলিজা ডেভেলপার্সের আরেকটি প্রকল্প ‘অলিজা সিরাজ টাওয়ার’-এর নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে প্রাণ যায় এক নিরীহ পথচারী নারীর। সেই মর্মান্তিক দুর্ঘটনার পরও প্রতিষ্ঠানটির নির্মাণ ব্যবস্থাপনায় যে কোনো পরিবর্তন আসেনি, বর্তমান চিত্রই তার প্রমাণ।
একটি প্রতিষ্ঠানের একাধিক প্রকল্পে একের পর এক অনিয়ম, একটি মানুষের মৃত্যু এবং তারপরও কার্যত বিনা বাধায় চলা নির্মাণকাজ — এই পুরো চিত্র সামনে রেখে প্রশ্ন উঠছে: রাজউকের নোটিশ কি আদৌ কার্যকর হবে, নাকি এটিও নিয়মরক্ষার কাগুজে ব্যায়াম হয়ে থাকবে? নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ডেভেলপারদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে রাজধানীর আবাসিক এলাকাগুলো ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।