বেনাপোল সীমান্তে আমবাগান থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, পালাল চোরাকারবারিরা
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২৬, ০০:১১ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (১১ জুলাই) বিকেলে বেনাপোল সীমান্তসংলগ্ন বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি টহল দল জানতে পারে, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের একটি চালান অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে বড়আঁচড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনি প্রক্রিয়া শেষে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।