খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ: হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এমইউজের মানববন্ধন
এসএ টিভির বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম মতিকে টার্গেট করে দুর্বৃত্তদের গুলি; অল্পের জন্য প্রাণে রক্ষা, ঘটনায় এক সাংবাদিক সামান্য আহত
মোঃ সাইদুজ্জামান
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ২১:১৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
খুলনায় সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা শুধু ব্যক্তি নয়, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপরও সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
এর আগে, মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কের সামনে এসএ টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও এমইউজে খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
রকিবুল ইসলাম মতি জানান, প্রতিদিনের মতো সেদিনও পাঁচ থেকে ছয়জন সাংবাদিক সেখানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।
এ ঘটনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সাংবাদিক আউয়াল সামান্য আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।
সাংবাদিক নেতারা বলেন, এ ধরনের হামলা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ভয়ভীতি সৃষ্টির অপচেষ্টা। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।