• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৬, ২২:৩৭ অপরাহ্ণ
জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

জাপানের প্রযুক্তি খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর ক্ষেত্রে স্থানীয় মানবসম্পদের সীমাবদ্ধতা উত্তরণে বাংলাদেশের তরুণ ও দক্ষ প্রকৌশলীরা এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারে— এমন প্রত্যয় নিয়ে আজ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে “AI-Driven Development Amplifying Talent Capacity in the Japanese Market” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস, Brain Station 23 ও জেট্রো (JETRO)-এর যৌথ আয়োজনে এই সেমিনারে জাপানের শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেটর ও প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী উল্লেখ করেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে রয়েছে এক বিশাল তরুণ ও দক্ষ জনবল। বি-জেট (B-JET) প্রোগ্রাম এবং মিয়াজাকি-বাংলাদেশ মডেল ফ্রেমওয়ার্কের সফল পথ ধরে ইতোমধ্যেই দুই হাজারের অধিক বাংলাদেশি আইটি বিশেষজ্ঞ জাপানি প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন। জাপানের আইটি খাতের বর্তমান চাহিদা পূরণে বাংলাদেশের এই বিপুল সংখ্যক সম্ভাবনাময় তরুণ জনশক্তির মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য জাপানের প্রযুক্তিখাত সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া জাপানি উদ্যোক্তাদের জন্য দ্বিপক্ষীয় ব্যবসা ও সহযোগিতার সুযোগ নিয়ে বিশেষ বক্তব্য রাখেন জেট্রোর গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো এবং সুমিতোমো কর্পোরেশনের ডিরেক্টর তারো কাওয়াচি।

জাপানি প্রযুক্তি বাজারের বর্তমান চাহিদা ও এর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়ান টেরেসি ইনকর্পোরেটেডের ব্যবস্থাপনা পরিচালক তাতসুয়া ইশিনাকা। পরবর্তীতে সেমিনারের কারিগরি সেশন পরিচালনা করেন Brain Station 23 জাপান-এর প্রতিনিধি ইয়াসুফুমি কাজিউরা এবং রাইসুল ইসলাম। এ সময় তারা বাস্তব কেস স্টাডি এবং এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রজেক্টের কাজের গতি, মান ও ব্যয় কমানোর সফল উদাহরণগুলো তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য দেন Brain Station 23-এর প্রতিনিধি—কেশো চো এবং এম জে ফেরদৌস।

সেমিনার শেষে নেটওয়ার্কিং সেশনে সংশ্লিষ্ট খাতের অংশগ্রহণকারী ও জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতবিনিময় করেন।