• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ পরিচালনায় আগ্রহী জাপানি শিক্ষার্থীরা, সহযোগিতার আশ্বাস ঢাবি উপাচার্যের

যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়-জাপান বিশ্ববিদ্যালয়গুলোর আলোচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ২২:১৭ অপরাহ্ণ
‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ পরিচালনায় আগ্রহী জাপানি শিক্ষার্থীরা, সহযোগিতার আশ্বাস ঢাবি উপাচার্যের
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের বৃহত্তম শিক্ষার্থী স্বেচ্ছাসেবক সংগঠন ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইভিইউএসএ)-এর উপ-পরিচালক জুম্পেই তানিগুচির নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের অপর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি কোয়ো তোকুরিকি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল এবং ড. মো. মনির উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধিদল জানায়, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ২০২৭ সালের ১ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে নগর পরিচ্ছন্নতা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এছাড়া দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম আয়োজনের বিষয়েও মতবিনিময় করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ বাস্তবায়নে জাপানি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানান। তিনি কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের যৌথ উদ্যোগ দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।