• ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১-এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, কর্মজীবী স্বামী-স্ত্রীর পারিবারিক সুবিধা ও জীবনযাত্রার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। পাশাপাশি সারা দেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, এসব কেন্দ্রে অফিস চলাকালীন সময়ে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫ দিন থেকে ৬ বছর বয়সী শিশুদের রাখার ব্যবস্থা রয়েছে। বর্তমানে এসব কেন্দ্রে প্রায় ৪ হাজার ৫০টি শিশুর সেবা দেওয়ার সুযোগ রয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে ৫৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং সেন্টার রয়েছে। আরও ১১টি ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি আরও ১২টি সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এর ফলে পর্যায়ক্রমে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টারেই কর্মজীবী মায়েদের জন্য ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান সমাজকল্যাণমন্ত্রী।