শার্শায় প্রায় ১২ কোটি টাকায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু
বেনাপোল(যশোর)সংবাদদাতা
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০০:৩৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
যশোরের শার্শায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১১৪ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ গার্ডার সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে উপজেলার উলাশী ডাকবাংলা-যদুনাথপুর সড়কের ৪৫ মিটার চেইনেজে সেতুটি নির্মাণ করা হবে। ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এর প্রশাসনিক ও দরপত্র আহ্বানের অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদনপত্র অনুযায়ী, সেতু ও সংযোগ সড়ক নির্মাণে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯৯ লাখ ৮ হাজার ৮৪৪ টাকা। এর মধ্যে মূল সেতু নির্মাণে ১০ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৩৩ টাকা এবং সংযোগ সড়কের জন্য ১ কোটি ১৯ লাখ ১১ হাজার ৮১১ টাকা বরাদ্দ রয়েছে। ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করা হবে এবং চুক্তি স্বাক্ষরের পর ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার কথা। নির্মাণকাজের মান নিশ্চিত করতে জিপিএসের মাধ্যমে লে-আউট নির্ধারণ, পানির সর্বোচ্চ স্তর পরিমাপ এবং পাইলিংসহ কাজের রিয়েল-টাইম মনিটরিংয়ের শর্ত রাখা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়ায় ভূমিকা রেখেছেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, সেতুটি নির্মিত হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সেতুটি নির্মাণ শেষ হলে শার্শার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে এবং কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করা সম্ভব হবে।