• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০০:৫২ পূর্বাহ্ণ
বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়
সংবাদটি শেয়ার করুন....

যশোরের বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, আন্তর্জাতিক বাণিজ্য ও রাজস্ব আদায় নিয়ে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীরা বন্দরের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তা সমাধানের দাবি জানান। শুল্ক ফাঁকি ও ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত নন—এমন ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর এবং রাজস্ব আদায়ে এর বড় ভূমিকা রয়েছে। বন্দরের সীমাবদ্ধতা ও সমস্যা চিহ্নিত করতে তিনি এসেছেন উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, বন্দর থেকে রাজস্ব আদায় বাড়ানো গেলে জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। দেশের সব বন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

মতবিনিময় সভা শেষে বিকেল পাঁচটার দিকে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা গাছপালা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি উল্লাশী খালের স্ট্রিপ বাগান ও শার্শা উপজেলায় রোপণ করা ঐতিহ্যবাহী তালগাছের চারার স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁর সফরসঙ্গী একান্ত সচিব মো. আলমগীর হুসাইন ও ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে তিনি যশোরের পথে রওনা হন।