• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৭০ কোটি ডলার ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
দুই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৭০ কোটি ডলার ছুঁইছুঁই
সংবাদটি শেয়ার করুন....

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইআরডির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে পরিশোধ করা বিদেশি ঋণের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ দেওয়া হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকার সমান।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ বিদেশি ঋণের অর্থছাড় পেয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতিও পেয়েছে দেশটি।

তবে গত অর্থবছরের একই সময়ে নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নতুন ঋণ প্রতিশ্রুতি আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে।