• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ১৩:৪০ অপরাহ্ণ
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি অ্যাপটি যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয়, সেটি নিশ্চিত করারও নির্দেশ দেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল শনিবার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে আজ রবিবার প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান।

উপ-প্রেসসচিবের ভাষ্য অনুযায়ী, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন।

অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সকল প্রয়োজনীয় তথ্য থাকবে। ফায়েজ তাইয়্যেবের বক্তব্য শোনার পর দ্রুত নির্বাচনকেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।