• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ভবিষ্যতের জন্য পিআর ভিত্তিক নির্বাচন জরুরি

চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
দেশের ভবিষ্যতের জন্য পিআর ভিত্তিক নির্বাচন জরুরি
সংবাদটি শেয়ার করুন....

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীরা তাদের জীবন উৎসর্গ করেছে একটি সুন্দর ও স্বচ্ছ দেশ গড়ার জন্য। তিনি বলেন, প্রচলিত নির্বাচন ব্যবস্থা কালো টাকা, পেশিশক্তি ও ভোট জালিয়াতির সুযোগ সৃষ্টি করে, যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির পথ খুলে দেয়। তাই দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য পিআর (ভোটের অনুপাত) পদ্ধতিতে নির্বাচন দেওয়া অত্যন্ত জরুরি।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে চরমোনাই পীর এ বক্তব্য রাখেন। সমাবেশে শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার, পিআর ভিত্তিক নির্বাচন, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনগত স্বীকৃতি, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যার বিচার এবং চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবি উপস্থাপন করা হয়।

ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমদ মানসুরের সভাপতিত্বে চরমোনাই পীর বলেন, “অন্তর্বর্তী সরকার গণভোটের মাধ্যমে জনগণের পিআর ব্যবস্থার পক্ষে মতামত নিতে পারে। নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং গণহত্যার বিচার বাস্তবায়ন দেখতে হবে।”

ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, মৌলবাদ নিয়ে তার বক্তব্য এবং তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তিনি মন্তব্য করেন, যারা আজ মৌলবাদকে সমালোচনা করছেন, তারাই একসময় ডানপন্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন।

সমাবেশে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।