• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নুরের ওপর হামলা

এ ঘটনায় কতজনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায়: ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ণ
নুরের ওপর হামলা
সংবাদটি শেয়ার করুন....

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় কতজনকে দৃষ্টান্তমূলক বিচার এবং জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে, তা দেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালে নুরুল হকের কেবিনে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি এ কথা জানান।

পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ, দলের কয়েকজন নেতা। নুরের চেহারায় সেটি স্পষ্ট বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে তা বাংলাদেশের জনগণ জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, তা হোক সামরিক অথবা বেসামরিক। নিঃসন্দেহে নুরকে হত্যা করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দ্রুত দোষীদের গ্রেফতার করতে হবে এবং নুরকে সরকারি উদ্যোগে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই। কিন্তু বর্তমান সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় এবং নুরের কিছু হয়, তাহলে সরকারের মর্যাদা আর থাকবে না।’

উল্লেখ্য, ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নুরকে মারধর করে গুরুতর আহত করা হয়। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ১ সেপ্টেম্বর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।