জয়ে ফিরতে ব্যাটিংয়ে টাইগ্রেসরা, একাদশে দুই পরিবর্তন
খেলাধুলা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
আইসিসি নারী বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ভারতের বিশাখাপত্তমে শুরু হবে দুই দলের খেলা।
দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশির জায়গায় দলে ফিরেছেন ফারজানা ও রিতু মনি।
নারী বিশ্বকাপের ১৩তম আসরে দারুণ জয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। হাইব্রিড মডেলের টুর্নামেন্টে শ্রীলঙ্কার কলম্বোতে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা। ইংলিশ মেয়েদের বিপক্ষে লড়াই করলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ।
ওয়ানডে পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে টাইগ্রেসরা, বাকি ১৮ ম্যাচে হার।
সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরের দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।