ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট প্রদানের উদ্দেশ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১৫ হাজার ৩৯৯ জন প্রবাসী। তাদের মধ্যে ৯৯ হাজার ৩৫০ জন পুরুষ এবং ১৬ হাজার ৪৯ জন নারী। নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনী কমিশন (ইসি) সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে প্রেরণ করবে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত আপডেট তথ্য থেকে এ সংখ্যা পাওয়া গেছে।
প্রথমবারের মতো ইসি আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
নিবন্ধন চলমান দেশের তালিকায় রয়েছে— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও অনেক দেশ।
ইসি জানায়, অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট দেওয়ার পর সেটি ফেরত খামে করে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে লক্ষ্য ধরে কার্যক্রম এগিয়ে নিচ্ছে ইসি।