• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ২০:১৫ অপরাহ্ণ
রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?

ওমর এম ইয়াগি

সংবাদটি শেয়ার করুন....

এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। ‘মেটাল অরগানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে। এবারের বিজয়ীদের মধ্যে একজন হলেন ওমর এম ইয়াগি, যিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বর্তমানে তিনি মার্কিন নাগরিক হলেও তার জন্ম ফিলিস্তিনি শরণার্থী বাবা-মায়ের ঘরে। নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হওয়ার পর ওমরের বাবা-মা আশ্রয় নেন জর্ডানের আম্মানে, যেখানে ১৯৬৫ সালে ওমরের জন্ম হয়।

মাত্র ১৫ বছর বয়সে বাবার উৎসাহে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। তখন ইংরেজি ভাষায় তেমন দক্ষ না থাকলেও যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তি হন এবং সেখানেই গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি তার জ্ঞানকে কাজে লাগিয়ে বৈশ্বিক সমস্যা সমাধানে মনোযোগী হন।

জর্ডানে থাকাকালীন সময়ে তিনি বাবা-মা ও ভাইবোনদের সঙ্গে একটি ছোট ঘরে বসবাস করতেন। সেখানে পানির তীব্র সংকট ছিল; প্রতি দুই সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টা পানি পাওয়া যেত। সেই অভিজ্ঞতা থেকেই পরবর্তীতে পানি সংরক্ষণ ও সংগ্রহ নিয়ে গবেষণা শুরু করেন তিনি।

২০২১ সালে সৌদি আরব তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে ওমর এই নাগরিকত্ব পান। সৌদি কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ও মেধাবী ব্যক্তিদের এভাবে নাগরিকত্ব প্রদান করছে।

এদিকে, ওমর এম ইয়াগির সঙ্গে এ বছর রসায়নে নোবেল পেয়েছেন আরও দুইজন বিজ্ঞানী — জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুমু কিতাগাওয়া এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড রবসন।
সূত্র: আল আরাবিয়া, টাইমস অব ইসরায়েল