• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘Youth Entrepreneurship & Startups for Students’ কর্মসূচির উদ্বোধন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে আহ্বান শিল্প ও বাণিজ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
‘Youth Entrepreneurship & Startups for Students’ কর্মসূচির উদ্বোধন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে আহ্বান শিল্প ও বাণিজ্যমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আজ সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘Youth Entrepreneurship & Startups for Students (YESS Program)’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা জরুরি। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞান, উদ্ভাবন এবং উদ্যোক্তা মানসিকতার বিকল্প নেই।
তিনি আরো বলেন, উন্নত দেশগুলোর অগ্রগতির মূল চালিকাশক্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও দক্ষ মানবসম্পদ। এ লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আঞ্চলিক উন্নয়নের ‘নলেজ হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করে বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্র সাবমেরিন নির্মাণ এবং রিমোট কন্ট্রোল গাড়ি তৈরির মতো সৃজনশীল প্রকল্প হাতে নিয়েছে, যা দেশের প্রযুক্তি উন্নয়নের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করবে।
তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে উল্লেখ করে বলেন, নতুন বিভাগ স্থাপন, পরিবহন সুবিধা বৃদ্ধি, আবাসন ব্যবস্থা সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্প একীভূত করে প্রস্তাব আকারে উপস্থাপন করলে সরকার তা বাস্তবায়নে সহযোগিতা করবে।
মন্ত্রী শিল্পখাতে গবেষণালব্ধ জ্ঞান প্রয়োগের ওপর জোর দিয়ে বলেন, আমাদের সার, চিনি ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে এবং লোকসান কমিয়ে লাভজনক করতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসময় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির আশ্বাস দেন তিনি।
শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ, iDEA প্রকল্প ও আইসিটি ডিভিশনের প্রকল্প পরিচালক মুর্তুজা জুলকার নাঈন নোমান এবং শিক্ষক-শিক্ষার্থী, উদ্যোক্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং YESS প্রোগ্রামের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।