• ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় দাবি—গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক ঐকমত্যেই সংকট সমাধান সম্ভব

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬, ২১:২৮ অপরাহ্ণ
জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের জাতীয় সংকটগুলোতে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে। তিনি দাবি করেন, অতীতের শাসকরা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনা করলেও বিএনপি সবসময় গণতান্ত্রিক ধারা, সাংবিধানিক কাঠামো এবং যুক্তিতর্কের ভিত্তিতে রাজনীতি করেছে।

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সংসদ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভিন্ন ও বৈচিত্র্যময় বাস্তবতার প্রতিফলন। অতীতের ১২টি সংসদের তুলনায় এটি বেশি বৈচিত্র্যময় এবং ভোটের আচরণ ও রাজনৈতিক সমীকরণের পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী সময় থেকে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের মুহূর্তে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, পরবর্তীতে খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে দলটি বিভিন্ন সংকট মোকাবেলায় কাজ করেছে।

১৯৭১, ১৯৭৫, ১৯৮২ এবং ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এসব সময়েও বিএনপি রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় ভূমিকা রেখেছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। তবে এই সংকট মোকাবেলায় সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, শেয়ারবাজারের দৈনিক লেনদেন প্রায় ৫০০ কোটি টাকা থেকে বেড়ে ১০০০ কোটি টাকায় পৌঁছেছে এবং রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী-সংকট জ্বালানি আমদানিতে প্রভাব ফেলছে, যা বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে। এসব বিষয়ে সংসদে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে সংসদকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন বাজেটে প্রায় ৮ লাখ কোটি টাকার প্রস্তাবনা উপস্থাপন করা হবে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

তথ্যমন্ত্রী বিরোধী দল ও ১১ দলীয় জোটের প্রতি গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় উন্নয়নে ঐক্য প্রয়োজন এবং সংসদের ভেতরে থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান তাদের আচরণে প্রভাব ফেলে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের আন্দোলনসহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেশে আদর্শিক বিতর্ক বিদ্যমান, যার মূল কারণ মতাদর্শগত পার্থক্য।

ধর্ম, স্বাধীনতার চেতনা কিংবা আন্দোলনের ইতিহাসকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব বিষয় রাজনৈতিক আচরণে গভীর প্রভাব ফেলছে।

তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করেন এবং সংসদ পরিচালনার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।