• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই উন্নয়নে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের নেতৃত্ব চান তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
টেকসই উন্নয়নে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের নেতৃত্ব চান তথ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে উন্নয়নের যে স্বপ্নই দেখা হোক, তা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। আজ সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন—বিডিজেএ আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে অবকাঠামো নির্মাণ, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়ন গুরুত্বপূর্ণ হলেও এখন প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেই উন্নয়ন ধরে রাখতে ভালো মানুষের নেতৃত্বে আসা জরুরি। তার ভাষায়, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে এবং মেধাবী তরুণদের একটি অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে অনাস্থাও তৈরি হয়েছে। তিনি বলেন, আগামী প্রজন্ম থেকে যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে নিয়ে আসার পথ তৈরি করা বর্তমান রাজনীতিবিদদের দায়িত্ব। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। বরিশালের ঐতিহ্য তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, রাজনীতি, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে দেশকে নেতৃত্ব দিয়ে আসছে। শেরেবাংলা এ কে ফজলুল হকসহ অনেক গুরুত্বপূর্ণ নেতা এই অঞ্চল থেকে উঠে এসেছেন। ভবিষ্যতেও বরিশাল থেকে যোগ্য ও সৎ নেতৃত্ব সামনে আসবে বলে প্রত্যাশা করেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, তরুণরা চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী কিংবা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি দেশের মেধাবী ও শিক্ষিত তরুণদের একটি অংশ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাজ করে, সেটিই হতে পারে ইতিবাচক পরিবর্তনের সূচনা। তিনি সতর্ক করে বলেন, অনেক উন্নয়নমূলক অবকাঠামো তৈরি করা সম্ভব হলেও ভালো নেতৃত্ব তৈরি করা না গেলে ভবিষ্যতে সেসব অর্জন ধরে রাখা কঠিন হবে। তাই আগামী প্রজন্মের জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করাকে দেশের টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছেন তিনি।