• ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬, ০০:১৩ পূর্বাহ্ণ
দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
সংবাদটি শেয়ার করুন....

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করাই হবে তাঁর একমাত্র লক্ষ্য।

বঙ্গভবনের দরবার হলে আজ বেলা সাড়ে ১১টায় কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এখন তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ একজন মানুষ। কোনো রাগ-অনুরাগের ঊর্ধ্বে থেকে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলেও জানান।

তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদেরও দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত-সংক্রান্ত বিষয়গুলোতে কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি অপচয় রোধের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জনগণের অর্থেই সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের সঠিক, স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা মেনে চলা, নৈতিক মনোবল বৃদ্ধি এবং সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট হওয়ারও আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে যুদ্ধ-পরবর্তী দেশ ও রাষ্ট্র গঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও কৃতিত্ব শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় তিনি পূর্ববর্তী সব রাষ্ট্রপতিকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখানে একটা পরিবার। সবাই একই জায়গায় কাজ করি।’ সুযোগ পেলে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করার কথাও জানান তিনি।

ভবিষ্যতেও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।