দেশকে এগিয়ে নিতে নিজেকে নিয়োজিত করেছেন প্রধানমন্ত্রী: ড. আবদুল মঈন খান
বাসস
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০০:৫০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন।
শনিবার দুপুর সাড়ে ১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, এসব সমস্যা সমাধানের মাধ্যমে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠা করাই এখন প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে—দেশের দ্বিতীয় ক্রান্তিকালে যখন মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল এবং স্বাধীনতা যুদ্ধের উপযুক্ত সময়ে দেশ উপনীত হয়েছিল, তখন একটি দল নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করেও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তরুণ প্রজন্মের কাছে এসব ইতিহাস তুলে ধরা প্রয়োজন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পরিক্রমা ব্যর্থ হয়েছে এবং বিএনপি বারবার নতুন করে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়েছে।
তিনি আরও বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানের দুঃখজনক চিরবিদায়ের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে দেশের হাল ধরেছিলেন। রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি নিজেকে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং ১৯৯১ সালে জনগণের ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
ড. আবদুল মঈন খান বলেন, এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা হবে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।