বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় দ্বিগুণ, অর্থের পরিমাণ তিনগুণ
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ২০:১৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একটি একক ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এর পর থেকেই বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বাড়তে শুরু করেছে।
তথ্য অনুযায়ী, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো। এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল দৈনিক গড়ে প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।
তবে গত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের আর্থিক পরিমাণও বেড়ে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায় উন্নীত হয়েছে।
অর্থাৎ, জুলাইয়ের শুরু থেকে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় ৭০ শতাংশ এবং লেনদেনের অর্থমূল্য প্রায় তিন গুণ বেড়েছে।
এদিকে বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের ২১ জুলাই পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বাড়তে থাকলে দেশে ডিজিটাল লেনদেনের পরিধি আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে সহজ, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।