বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ২০, ২০২৬, ২২:৩২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ পালনের উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO) ঘোষিত এ বছরের প্রতিপাদ্য, ‘Transforming How Ocean Data is Shared’ বা ‘সামুদ্রিক তথ্য আদান প্রদানের ধারণায় আমূল পরিবর্তন’, বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক হয়েছে বলে আমি মনে করি।
বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্রসীমা-আমাদের জাতীয় অগ্রগতি, সুনীল অর্থনীতির বিকাশ এবং প্রাকৃতিক সম্পদ আহরণের অপার সম্ভাবনার এক বিশাল ভাণ্ডার। এই বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি নিরাপদ নৌচলাচল নিশ্চিতকরণ, সামুদ্রিক সম্পদের অনুসন্ধান ও ব্যবস্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে হাইড্রোগ্রাফিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমায় জরিপ পরিচালনা, নটিক্যাল চার্ট প্রস্তুত এবং নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মান অনুসারে তথ্য বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমি বিশ্বাস করি, এই কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন দেশের সামগ্রিক অগ্রগতিকে আরো বেগবান করবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও রাখবে কার্যকর ভূমিকা।
তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সামুদ্রিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা আরো শক্তিশালী করা এখন অত্যন্ত প্রয়োজন। আমি নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে তাদের প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার জন্য আহ্বান জানাই।
একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী বাংলাদেশ গঠনে সমুদ্রসম্পদের বিজ্ঞানসম্মত ও টেকসই ব্যবহার নিশ্চিত করা অপরিহার্য। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের এ আয়োজন আমাদের সেই লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। আমি আশা করি, নৌপরিবহন ও সুনীল অর্থনীতির বিকাশের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ রক্ষায় হাইড্রোগ্রাফি সার্ভিস কাঙ্ক্ষিত অবদান রাখতে সক্ষম হবে।
আমি বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।”