• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ৯৭ বোতল কোডিনযুক্ত কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০০:২৮ পূর্বাহ্ণ
বেনাপোলে ৯৭ বোতল কোডিনযুক্ত কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ (উইনসিরেক্স) উদ্ধার করেছে পুলিশ। এ সময় সুজন মোড়ল (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, রোববার ভোররাত পৌনে পাঁচটার দিকে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকায় অভিযানটি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. সবুজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ভবেরবেড় গ্রামের মো. আওয়ালের বাড়ির গেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় ওই এলাকার মৃত শফি মোড়লের ছেলে সুজন মোড়লকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৯৭ বোতল উইনসিরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৯ হাজার ৭০০ মিলিলিটার সিরাপ ছিল।

পুলিশ জানায়, উদ্ধার করা সিরাপের বোতলে ‘Codeine Phosphate & Tripolidine Hydrochloride Syrup—WINCEREX COUGH SYRUP 100ml’ লেখা রয়েছে। জব্দ করা সিরাপের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯৭ হাজার টাকা।

অভিযানে সুজনের কাছ থেকে একটি ভিভো ১৯২০ মডেলের অ্যান্ড্রয়েড মুঠোফোনও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফোনটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, সীমান্ত এলাকায় মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদক ও মুঠোফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুজন মোড়লের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।