মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত, লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬, ২১:৪১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরপরই নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ কক্ষে পাশাপাশি অবস্থানরত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে করমর্দন করে প্রধানমন্ত্রী তাঁকে একটি লাল গোলাপের স্টিক দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাত তুলে সংসদ সদস্যদের সালাম ও অভিবাদন জানান।
এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অন্য সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে এলে নতুন রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি প্রথমে ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে এগিয়ে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এরপর সরকারি ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গেও করমর্দন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে তিনি নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সালাম ও শুভেচ্ছা জানান। পুরো সময়ে সংসদ কক্ষে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময় দুই প্রার্থীর এজেন্ট হিসেবে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুলও ভোট গণনা কার্যক্রমে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর সংসদ কক্ষে নতুন রাষ্ট্রপতিকে ঘিরে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।