শার্শায় নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০০:৪২ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
যশোরের শার্শায় নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কায়বা এলাকা থেকে রায়হান কবির রানা (৩৫) এবং মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে রাব্বি হাসান জিকু (২০)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রায়হান কবির রানা গোগা ইউনিয়নের মোল্লাপাড়ার মো. রহমত মোল্লার ছেলে। তাকে গোগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। অপর গ্রেপ্তার রাব্বি হাসান জিকু যাদবপুর গ্রামের মো. মেহেদী হাসান রিংকুর ছেলে। পুলিশ তাকে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে। তাঁদের বিরুদ্ধে শার্শা থানার ১৯ সেপ্টেম্বরের এফআইআর নং-২৩ ও জিআর নং-৩০২ মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলা রয়েছে।
শার্শা থানা পুলিশ জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।