রাজনীতিতে ভালো করতে হলে সহনশীলতা ও ধৈর্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, অনেক প্রতিকূল পরিস্থিতি সহ্য করার সক্ষমতা না থাকলে ভালো রাজনীতিক হওয়া সম্ভব নয়।
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাহিত্য পত্রিকা ‘সারেঙ’-এর ‘রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কবির রিজভী আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, মুক্তচিন্তা বাংলাদেশের আহ্বায়ক আবুল কাসেম হায়দার এবং কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী।
গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, ওই সময়ে মামলা ও কারাবরণের আশঙ্কায় তাঁর অনেক নিকটাত্মীয় ও বন্ধুবান্ধব পারিবারিক অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানাতেও ভয় পেতেন। এমন কঠিন সময়েও কবি রেজাউদ্দিন স্টালিন সাহসের সঙ্গে তাঁদের পাশে ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
রিজভী আহমেদ আরও বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিছুটা বেড়েছে। এ ক্ষেত্রে শিল্পকলা একাডেমির ভূমিকা রয়েছে।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দায়িত্ব পালন করলে সেটি কতটা কর্মমুখর ও প্রাণবন্ত হয়ে উঠতে পারে, তা নিজের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে প্রমাণ করেছেন রেজাউদ্দিন স্টালিন।