পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়নমূলক কাজ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তা সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ কাজগুলো দৃশ্যমান ও বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন ও সেবামূলক কাজে কোনো ধরনের অবহেলা ও অনিয়ম বরদাশত করা হবে না।
আজ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। তিন মাসে দেশে দৃশ্যমান উন্নয়ন ও অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।
মন্ত্রী আরো বলেন, রেললাইন ছিল লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। একসময় এটি বাস্তবায়ন অসম্ভব মনে হলেও সেই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে। মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুরবাসী একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পেয়েছে।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ ও বিশিষ্ট শিক্ষাবিদ জেড এম ফারুকী।