• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লিটন হৃদয়ে শক্তিশালী রংপুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
লিটন হৃদয়ে শক্তিশালী রংপুর
সংবাদটি শেয়ার করুন....

বিপিএলের নিলামের প্রথম ডাকেই উত্তাপ বাড়ে। নাঈম শেখকে নিয়ে দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। চট্টগ্রাম রয়্যালস আকাশছোঁয়া ১ কোটি ১০ লাখ টাকায় তাঁকে দলে নেয়। কোটিপতি নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির নাঈমকে পেতে নিলামে প্রথম ডাকটি দিয়েছিল সিলেট টাইটান্স। এরপর একে একে নিলামে যোগ দেয় নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। শেষ পর্যন্ত চট্টগ্রামই সফল হয়। ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। নিলামের দ্বিতীয় ডাকে ওঠেন টাইগার অধিনায়ক লিটন। তাঁর ভিত্তিমূল্যও ছিল ৫০ লাখ টাকা। সিলেট টাইটান্সকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ৭৫ লাখ টাকায় লিটনকে দলে নিয়েছে রংপুর। লিটন, হৃদয়, মাহমুদুল্লাহদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে রংপুর।

বিপিএলের দ্বাদশ আসরের নিলাম গতকাল স্থানীয় একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ফিক্সিংয়ে অভিযুক্ত ৯ ক্রিকেটারের নাম নিলামে ছিল না। বাদ পড়া এই ক্রিকেটাররা নিলামে নাম অন্তর্ভুক্ত করার জন্য গতকাল হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও রাজিউদ্দীন আহমেদের হাইকোর্ট বেঞ্চ তাঁদের রিট খারিজ করে দেন।

দেশীয় ও বিদেশি ক্রিকেটারদের নিলামের শুরুতে দেশের ক্রিকেটের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দল পাননি। তবে, শেষ দিকে এই দুই সাবেক অধিনায়ক দল পেয়েছেন। মুমিনুল হকও দল পেয়েছেন। রিয়াদ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এখন শুধু ঘরোয়া ক্রিকেট খেলেন। গতকাল তাঁকে ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। গত সপ্তাহে মিরপুরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার বিরল ক্লাবের সদস্য হওয়া মুশফিকও দল পেয়েছেন। শততম টেস্ট খেলা এই সাবেক অধিনায়ককে ৩৫ লাখ টাকায় নিয়েছে রাজশাহী। ২২ লাখ টাকায় মুমিনুলকে নিয়েছে রাজশাহী। নাসির হোসেনও দল পেয়েছেন। ১৮ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে ঢাকা।

গতকাল বিপিএলের শুরুর শুভেচ্ছা বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটি স্বচ্ছ টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। শুধু তাই নয়, তিনি আগামীতে নারীদের বিপিএল আয়োজনের কথাও বলেছেন। যদিও বিসিবির আগের পরিচালনা পর্ষদও বারবার নারীদের বিপিএল আয়োজনের কথা বলেছিল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে ভারতের পীযুষ চাওলা এবং পাকিস্তানের শোয়েব মালিককে নিয়ে দলগুলো আগ্রহ দেখায়নি।

রংপুর নিলামের আগে স্থানীয় ক্রিকেটারদের কোটায় মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে দলে রেখেছিল। বিদেশি ক্রিকেটার ছিলেন খাজে নাফে ও সুফিয়ান মুকিম। গতকাল নিলাম থেকে তারা লিটন, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, অ্যালিস ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, কামরুল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদকে দলভুক্ত করেছে। হৃদয়কে ৯২ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। রাজশাহী ও নোয়াখালীকে পেছনে ফেলে ‘স্পিডস্টার’ নাহিদ রানাকে ৫৬ লাখ টাকায় রংপুর দলে ভিড়িয়েছে। অফ স্পিনার অ্যালিস ইসলামকে দলে নেওয়া হয়েছে ২৮ লাখ টাকায় এবং বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানকে নেওয়া হয়েছে ৪২ লাখ টাকায়। বিদেশি ক্রিকেটারদের কোটায় রংপুর এমিলো গে ও মোহাম্মদ আখলাককে নিয়েছে।