• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান; অনলাইনে মিলবে টিকিট, প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা ও শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬, ২১:৫৩ অপরাহ্ণ
আগামীকাল উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত
সংবাদটি শেয়ার করুন....

আগামীকাল ৫ আগস্ট (বুধবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। এরপর ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখবেন এবং সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হবেন।

তিনি বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আন্দোলনের প্রকৃত ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করবেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ ও বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হবে। সমাপনী পর্বে জাদুঘরের মহাপরিচালক উপস্থিত অতিথি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

সংস্কৃতি মন্ত্রী আরও জানান, ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করে জাদুঘর পরিদর্শন করতে পারবেন। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।