• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

একে ইনস্টিটিউটে ৪ সদস্যের এডহক কমিটি গঠন, সভাপতি আনোয়ারুল হক তারিন

৩ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে অন্তর্বর্তীকালীন কমিটি; দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ৪, ২০২৬, ১৯:১৭ অপরাহ্ণ
একে ইনস্টিটিউটে ৪ সদস্যের এডহক কমিটি গঠন, সভাপতি আনোয়ারুল হক তারিন
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল নগরীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছমত আলী খান (একে) ইনস্টিটিউটের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে চার সদস্যের অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি গঠন করা হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি কাঞ্চন আলী, অভিভাবক প্রতিনিধি আবুল কালাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের ২০২৪ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৬৪(১) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির মেয়াদ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নবগঠিত কমিটির সভাপতি আনোয়ারুল হক তারিন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় বলেন, “আছমত আলী খান (একে) ইনস্টিটিউট বরিশালের একটি প্রাচীন ও গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রধান লক্ষ্য হবে বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আবারও তার হারানো ঐতিহ্য ও মর্যাদার অবস্থানে ফিরিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অংশ হিসেবে অনেক প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী আছমত আলী খান (একে) ইনস্টিটিউটেও নতুন এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করল।