• ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআর সংস্কার, করনীতি প্রণয়ন ও বাস্তবায়ন পৃথক করার উদ্যোগ: আমলাতান্ত্রিকতা থেকে অংশীদারিত্বের পথে

মতামত ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৬, ০২:০২ পূর্বাহ্ণ
এনবিআর সংস্কার, করনীতি প্রণয়ন ও বাস্তবায়ন পৃথক করার উদ্যোগ: আমলাতান্ত্রিকতা থেকে অংশীদারিত্বের পথে
সংবাদটি শেয়ার করুন....

এম. জি. আর. নাসির মজুমদার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে করনীতি প্রণয়ন ও কর প্রশাসনকে পৃথক করার বিষয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। দীর্ঘদিন ধরে এনবিআর একই সঙ্গে কর আদায় এবং করনীতি নির্ধারণের দায়িত্ব পালন করে আসছে, যা এক ধরনের স্বার্থের সংঘাত সৃষ্টি করেছে। ফলে দীর্ঘমেয়াদি, বিনিয়োগবান্ধব ও উৎপাদনমুখী করনীতি প্রণয়নের পরিবর্তে তাৎক্ষণিক রাজস্ব আদায়ের প্রবণতাই বেশি গুরুত্ব পেয়েছে।
এনবিআরকে দুই ভাগে ভাগ করে একটি বিভাগকে করনীতি (Tax Policy) এবং অন্য বিভাগকে কর প্রশাসন (Tax Administration)-এর দায়িত্ব দিলে নীতিনির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। নীতি প্রণয়নকারী বিভাগ রাজস্ব আদায়ের চাপমুক্ত থেকে বাস্তবসম্মত ও টেকসই কর কাঠামো তৈরি করতে পারবে। এতে ব্যবসা, বিনিয়োগ ও শিল্পায়নের পরিবেশ আরও উন্নত হবে।
করনীতি শুধুমাত্র করের হার নির্ধারণের বিষয় নয়; এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই করনীতি নির্ধারণ কেবল আমলাতান্ত্রিক বলয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কর বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাস্তব অভিজ্ঞতা ছাড়া প্রণীত নীতি অনেক সময় মাঠপর্যায়ে কার্যকর হয় না।
অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, এনবিআর সংস্কারসংক্রান্ত বিল বর্তমানে সংসদে রয়েছে এবং এটি আরও কার্যকর করতে কমিটি কাজ করছে। তবে এই সংস্কার দীর্ঘসূত্রতায় আটকে থাকলে দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ব্যবসাবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
করদাতাকে ভয় দেখিয়ে নয়, বরং অংশীদার হিসেবে মূল্যায়ন করে আস্থাভিত্তিক কর সংস্কৃতি গড়ে তুলতে হবে। অর্থমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে বাংলাদেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ, কার্যকর ও বিনিয়োগবান্ধব হবে।
আমরা ব‍্যাবসায়ী সমাজ ও দীর্ঘদিন যাবত এ দাবি জানিয়ে আসছি ।

উদ্যোক্তা | সমাজকর্মী | নীতি বিশ্লেষক