এলজিইডি’র প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক পূর্ণনিয়োগ পেলেন মো: বেলাল হোসেন
মোঃ জাহেদী আরমান
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৬, ০০:৫৯ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে (গ্রেড-১) চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো: বেলাল হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
আজ সোমবার জারিকৃত প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ০৫.০০.০০০০.১৪৬.০০.০৪৫.১৭-৪৩৫) বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মো: বেলাল হোসেনকে তাঁর অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে সব ধরনের কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগের অন্যান্য সব শর্তাবলি পরবর্তীতে সম্পাদিতব্য চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী। অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব-সহ একাধিক দপ্তরে প্রেরণ করা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এলজিইডি দেশের গ্রামীণ ও পৌর অবকাঠামো উন্নয়নে সরকারের অন্যতম প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করে আসছে। প্রধান প্রকৌশলীর দায়িত্ব হাতে নেওয়ার মধ্য দিয়ে সংস্থাটির চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।