• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি-এইচএসসি ও স্নাতকে বৃত্তি বাড়ছে ২০ শতাংশ, দ্বিগুণ হচ্ছে টাকা

বাসস
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১৭:৩৫ অপরাহ্ণ
এসএসসি-এইচএসসি ও স্নাতকে বৃত্তি বাড়ছে ২০ শতাংশ, দ্বিগুণ হচ্ছে টাকা

প্রতিক ছবি

সংবাদটি শেয়ার করুন....

দেশের মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত মেধা ও সাধারণ বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং একই সঙ্গে বৃত্তির অর্থের পরিমাণ বাড়ানোর একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। জুনিয়র শিক্ষাবৃত্তির হার বৃদ্ধির উদ্যোগের ধারাবাহিকতায় এবার এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের সব ধরনের বৃত্তির সংখ্যা ২০ শতাংশ বাড়ানো এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ও এককালীন আর্থিক সুবিধা বর্তমানের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি এই সমন্বিত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বর্তমানে বিদ্যমান ৪১ হাজার বৃত্তির সঙ্গে নতুন করে যুক্ত হবে আরও ৮ হাজার ১৯২ জন শিক্ষার্থী এবং তিন স্তরে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৪৯ হাজার ১৫১ জনে। সোমবার মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান বলেন, জুনিয়র বৃত্তির হার ও অর্থ বাড়ানোর পর এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ে বৃত্তি বৃদ্ধি না করলে একটি অসামঞ্জস্য সৃষ্টি হবে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তির সংখ্যা ও অর্থ বাড়ানোর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অর্থ বিভাগের অনুমোদন পেলে চলতি অর্থবছর থেকেই তা কার্যকর করা সম্ভব হবে। মাউশি জানিয়েছে, বর্তমানে ২০১৫-১৬ অর্থবছরে নির্ধারিত হারে বৃত্তি দেওয়া হচ্ছে, যদিও গত এক দশকে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা উপকরণের দাম বহুগুণ বেড়েছে, ফলে বিদ্যমান বৃত্তির অর্থ শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে যথেষ্ট নয়। এই বাস্তবতায় দীর্ঘ ৯ বছর পর শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে বৃত্তির সংখ্যা ও আর্থিক সুবিধা একসঙ্গে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, শুধু জুনিয়র বৃত্তি বাড়ানো হলে উচ্চতর স্তরের বৃত্তির তুলনায় তা বেশি হয়ে যাবে, যা যৌক্তিক নয়। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহার জানান, সব স্তরে সামঞ্জস্য বজায় রাখতেই এসএসসি, এইচএসসি এবং স্নাতক (সম্মান ও পাস) পর্যায়ের সব রাজস্ব খাতভুক্ত বৃত্তির হার, মাসিক ও এককালীন অর্থ দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব সাইদুর রহমান জানান, প্রস্তাবটি যাচাই-বাছাই শেষে অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী, এসএসসি পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩০ হাজার ৬০০ করার কথা বলা হয়েছে, যেখানে ট্যালেন্টপুল বৃত্তির মাসিক হার ৬০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা এবং সাধারণ বৃত্তির মাসিক হার ৩৫০ টাকা থেকে ৭০০ টাকা করা হবে। একইভাবে এইচএসসি পর্যায়ে বৃত্তির সংখ্যা ১০ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১২ হাজার ৬০০ এবং স্নাতক সম্মান ও পাস পর্যায়ে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণও দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে, যার ফলে সরকারকে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...