• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি, বরিশাল বোর্ড চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন

উজিরপুরে একাধিক কেন্দ্র ঘুরে দেখলেন চেয়ারম্যান; শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি, বরিশাল বোর্ড চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন
সংবাদটি শেয়ার করুন....

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী সরাসরি তদারকি জোরদার করেছেন। এরই অংশ হিসেবে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার দিন তিনি একাধিক পরীক্ষাকেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বরিশালের উজিরপুর উপজেলায় হঠাৎ করেই কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে ছিল শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন, বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন এবং হাবিবুর মাধ্যমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে চেয়ারম্যান কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্টদের নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের মতামতও শোনেন।

এ সময় কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে চেয়ারম্যান বলেন, “সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বোর্ড চেয়ারম্যানের এই সরাসরি তদারকি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।