ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। নামাজে ইমামতি করেন তার বড় ভাই ডা. আবু বকর সিদ্দিক, যিনি বরিশালের বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ ও ঐতিহ্যবাহী গুঠিয়া জামে মসজিদের খতিব।
শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন লাখো মানুষ। সাম্প্রতিক সময়ে এতো বৃহৎ জানাজার আয়োজন স্মরণকালের অন্যতম বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দরোগা ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ দক্ষিণ প্লাজায় আনা হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।