• ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ণ
কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স
সংবাদটি শেয়ার করুন....

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর পর নেপালের হিমালয়া এয়ারলাইন্স সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বাংলাদেশ ও নেপালের মধ্যে আকাশপথে যোগাযোগ এবং পর্যটন সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে। এ লক্ষ্যে কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনা করতে পারে নেপালের হিমালয়া এয়ারলাইন্স।

আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ প্রত্যাশা ব্যক্ত করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর নেপালি পর্যটকদের সরাসরি সমুদ্রসৈকতের এই শহরে ভ্রমণের সুযোগ সৃষ্টি হতে পারে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতার নতুন সম্ভাবনাও উন্মোচিত হবে।

এ প্রেক্ষাপটে হিমালয়া এয়ারলাইন্স কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, বৈঠকে নেপালের পক্ষ থেকে ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পর্যটন ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে পর্যটক বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন খাতের প্রসারে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও উঠে আসে।

উভয়পক্ষ আশা প্রকাশ করে, আকাশপথে যোগাযোগ ও পর্যটন সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...