খুলনায় নৃশংস হত্যাকাণ্ড, নিহত ইসমাইলকে নিয়ে ভিন্নমত পুলিশ, পরিবার ও স্থানীয়দের
খুলনা প্রতিনিধি:
প্রকাশিত আগস্ট ১, ২০২৬, ২৩:৪২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল দক্ষিণ টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়েও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে।
পুলিশের দাবি, নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার বা অপরাধ জগতের বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, নিহতের পরিবারের দাবি, ইসমাইল কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, এলাকার কয়েকজন বাসিন্দার ভাষ্য, ইসমাইল মাদক ব্যবসা ও একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।