• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ণ
গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বগুড়ায় ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেন। ছবি : পিআইডি

সংবাদটি শেয়ার করুন....

রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।

শনিবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেন এবং একটি লটকন গাছের চারা রোপণ করেন।

মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক আলোচনা বেশি হলেও গবেষণা ও উদ্ভাবনের অর্জন যথাযথভাবে গুরুত্ব পায় না। অথচ গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষির উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সাফল্য গণমাধ্যমে আরও বেশি করে তুলে ধরার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, কৃষকের প্রধান সমস্যা উৎপাদন নয়, বরং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এজন্য কোল্ড স্টোরেজ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে আরও গবেষণা প্রয়োজন। একই সঙ্গে এ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু চাকরির ওপর নির্ভর না করে কৃষিভিত্তিক উদ্যোগ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কৃষকরাও উপকৃত হবেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।