জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে বর্তমানে ৪০ লাখ নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ রয়েছে। জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার।
আজ রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’-এর উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কেউ নিজেকে অনাদৃত, বঞ্চিত কিংবা অসহায় মনে করবে না। ইতোমধ্যেই সরকারের গৃহীত বিভিন্ন মানবিক উদ্যোগ জনমনে সাড়া ফেলেছে।
মন্ত্রী আরো বলেন, সমাজে বসবাসরত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন থেরাপি ও চিকিৎসা প্রদান করলে তারা সুস্থ হয়ে সমাজের মূল ধারায় মিশে যেতে পারে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সমাজ সেবামূলক প্রতিষ্ঠানসমূহে অনুদান দিলে ট্যাক্স রিবেট পাওয়া যায়, তিনি সকলকে এ সুযোগ গ্রহণ করারও আহ্বান জানান। একইসাথে মন্ত্রী এ মানবহিতৈষী কাজের জন্য বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ও দি দাউদি বোহরাস অব বাংলাদেশকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বর্তমানে ৮০ বেডের একটি
ফিজিওথেরাপি সেন্টার পরিচালনা করে আসছে, আজ নতুন করে আরো ৭০ টি বেড যুক্ত হওয়ায় এখন থেকে ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এ সেবা পাবে।
বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস রত্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’র ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।