• ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও বিগত ১৭ বছরের গুম-খুনের সাথে জড়িতদের বিচার কার্যকর করতে হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬, ২০:৩৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও বিগত ১৭ বছরের গুম-খুনের সাথে জড়িতদের বিচার কার্যকর করতে হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সেই বিচার কার্যকর করতে হবে। তিনি বলেন, যারা এসব ঘটনার সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে তিনি সরকার প্রধানের কাছে বিষয়টি তুলে ধরবেন এবং দ্রুততম সময়ে বিচার কার্যকরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কাজ করবেন।
আজ কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় জুলাই শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী শহিদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কুরআন তিলাওয়াত এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, তিনি জুলাইয়ের স্বপক্ষের একজন রাজনৈতিক কর্মী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের কর্মী হিসেবে চান, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়নকারীদের প্রত্যেকের বিচার হোক। তিনি আরো বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারীদের রক্তের সাথে বেইমানি করা হবে না।
এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আকরামের বাবা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘কোটা নয়, মেধা’ স্লোগানে ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে গড়ে ওঠা জুলাই আন্দোলনের অন্যতম শহিদ ছিলেন ওয়াসিম আকরাম। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তিনি শহিদ হন। মৃত্যুকালে তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।