জুলাই সনদ বাস্তবায়নে সব দলকে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর বিরোধী দলের ওপর জোর, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ২১:৫৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
জুলাই সনদ বাস্তবায়নসহ দেশের যেকোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে হলে একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের প্রয়োজন রয়েছে। তবে দুঃখজনকভাবে বর্তমান বিরোধী দল আওয়ামী লীগের মতো বক্তব্য দিতে শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দল-মত নির্বিশেষে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে দলটি সম্মান করে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাইয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে এবং জনগণ একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে।
বিএনপি মহাসচিব দাবি করেন, অতীতে দলটির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় ১ লাখ ২৫ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছিল।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যেসব বিষয়ে স্বাক্ষর করেছে, সেগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে। সংবিধান সংশোধন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব সংসদে আলোচনা হবে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হবে।
গণভোট ইস্যুতে তিনি বলেন, অধিকাংশ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে। যে প্রস্তাবগুলোতে মতপার্থক্য রয়েছে, সেগুলো নিয়ে জনগণের রায় ও সংসদীয় আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
মির্জা ফখরুল জানান, ইতোমধ্যে সংসদে জুলাই সংশোধনী বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি সব রাজনৈতিক দলকে সংসদে যুক্তি ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান।
সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাস হয়েছে। এত অল্প সময়ে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়। তাই ইতিবাচক মনোভাব নিয়ে সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেওয়া উচিত।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরী। ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় প্রেসক্লাবের নেতাসহ গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।