জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান চান মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আলোচনার মাধ্যমে বিদ্যমান বিতর্কের সমাধান করতে হবে। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই আন্দোলন একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের প্রতি বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশে অনেক আন্দোলন হয়েছে। এখন সংসদে আলোচনার মাধ্যমে এমন একটি রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর কোনো দাবি আদায়ে সহিংসতার পথে যেতে না হয়।
তিনি বিরোধী দলের প্রতি সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতি বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তাঁর ভাষায়, মাত্র অল্প সময়ের মধ্যে গত ১৬ বছরের অপকর্মের প্রভাব থেকে জাতিকে পুরোপুরি মুক্ত করা সম্ভব নয়।