টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
জব্দ করা অর্থ ফেরত দিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। দীর্ঘ সময় ধরে যাচাই–বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রাতে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
জানা গেছে, প্রশাসনের তদন্তে জব্দ করা টাকার বৈধ উৎস নিশ্চিত হওয়ায় এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের কোনো প্রমাণ না পাওয়ায় বেলাল উদ্দিন প্রধানকে অর্থসহ ছেড়ে দেওয়া হয়।
এর আগে দুপুর ১২টার দিকে নগদ ৭৪ লাখ টাকাসহ তাকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) জানান, গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে বেলাল উদ্দিন প্রধান সৈয়দপুরে পৌঁছালে তার বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় বিপুল অঙ্কের নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হলেও পরবর্তীতে গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।