ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ ও পদায়নের বিষয়টি জানায়।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে প্রেষণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. আমিনুল ইসলামের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁকে এক বছরের চুক্তিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সচিব পদমর্যাদার এ পদে নিয়োগের ক্ষেত্রে তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে মো. বেলাল হোসেনকে এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছে। অভোগ করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
গ্রেড-১-এর প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পাওয়া মো. বেলাল হোসেনকেও অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।