দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে আবারও মুসলিম উম্মাহর মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে ঈদ মোবারক।
তিনি বলেন, কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরিহার করার শিক্ষাই কোরবানির মূল তাৎপর্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আত্মত্যাগের এই শিক্ষা সমাজে সত্য, সুন্দর ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন কোরবানির মাংস অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করেন। এটিকে তিনি কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে উল্লেখ করেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং পশুর বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করতে হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে ঈদের দিনেই আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা সম্ভব হয়।
ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব এবং মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে বিশ্বজুড়ে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার কামনাও করেন তিনি।