• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ২০:২৮ অপরাহ্ণ
নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে
সংবাদটি শেয়ার করুন....

দেশ-বিদেশের স্টেজ শোতে নিয়মিত পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন নরসিংদীর মেয়ে ও জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমলা আক্তার। বছরের অধিকাংশ সময় স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকলেও মৌলিক গান নিয়েও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এক আড্ডায় সংগীতজীবন, স্টেজ পারফরম্যান্স, মৌলিক গান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই শিল্পী।
শিমলা আক্তার জানান, সংগীতজীবনে এখন পর্যন্ত তিনি দেশ-বিদেশে কয়েক’শ স্টেজ শো করেছেন। প্রতিটি অনুষ্ঠানই তার কাছে আলাদা অনুভূতির। দর্শকদের ভালোবাসা ও সরাসরি সাড়া তাকে নতুন করে কাজের অনুপ্রেরণা জোগায়।
স্টেজ পারফরম্যান্সে দর্শকদের পছন্দ প্রসঙ্গে তিনি বলেন, ফাস্ট বিটের গান, ফোকধর্মী চটুল গান এবং জনপ্রিয় ডান্স নাম্বারগুলোতে দর্শক সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন। এসব গানের সঙ্গে দর্শকও গলা মেলান, নাচেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
কাভার গানের পাশাপাশি নিজের মৌলিক গান নিয়েও বেশ মনোযোগী শিমলা আক্তার। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে রয়েছে
‘তুমি খুব সহজে ভাঙলা হৃদয়’, ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’।
প্রথম মৌলিক গান নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন,
“প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতিটা ছিল অন্যরকম। শ্রোতাদের ভালোবাসা আমাকে আরও নতুন গান করার সাহস দিয়েছে।”
মৌলিক গানের গুরুত্ব তুলে ধরে শিমলা বলেন,
“কাভার গান হয়তো সাময়িক তালি এনে দেয়, কিন্তু নিজের মৌলিক গানই একজন শিল্পীকে আজীবন বাঁচিয়ে রাখে।”
প্রকাশিত গানগুলোর মধ্যে ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’ তার হৃদয়ের সবচেয়ে কাছের। বিশেষ করে ‘মায়াবতী কন্যা’ গানটিতে ক্লোজআপ ওয়ান তারকা গামছা পলাশের সঙ্গে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা তার কাছে বিশেষ স্মরণীয়।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, নতুন কয়েকটি মৌলিক গানের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই ভিডিওসহ গানগুলো প্রকাশ করা হবে।
স্টেজ জনপ্রিয়তা এবং মৌলিক গান প্রতিষ্ঠার মধ্যে ভারসাম্য প্রসঙ্গে তিনি বলেন,
“দর্শকদের পছন্দের গান গাওয়ার পাশাপাশি আমি নিজের মৌলিক গানও পরিবেশন করি। এতে একদিকে সংযোগ তৈরি হয়, অন্যদিকে আমার গানগুলোও মানুষের কাছে পৌঁছে যায়।”