পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের বনবাড়ী এলাকায় সোমবার ১২ অক্টোবর দুপুরে মাচায় তরমুজ চাষের নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
প্রকল্পের আওতায় কৃষক মনজুর আলমকে ২০ শতক জমিতে মাচায় তরমুজ চাষের প্রদর্শনী দেওয়া হয়। প্রদর্শনী থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজ উদ্যোগে মোট দুই একর জমিতে তরমুজ চাষ করেছেন। তাঁর জমিতে ‘সুগার কিং’ ও ‘বাংলালিংক’ জাতের তরমুজ চাষ করা হয়েছে। আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত পদ্ধতিতে ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির।
এ সময় পীরগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা লতিফুল হাসান, খনগাঁও ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বাবলু হক, রাসেল ইসলাম ও রায়হান আলী, ইউপি সদস্য আমিনুল ইসলাম এবং কৃষক মনজুর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষক মনজুর আলম জানান, দুই একর জমিতে তরমুজ চাষ করতে তাঁর মোট ৩ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। উৎপাদিত তরমুজ বিক্রি করে সব খরচ বাদে প্রায় ৩ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জমিতে ফসল চাষের আগে মাটি পরীক্ষা করা জরুরি। মাটির প্রয়োজন অনুযায়ী পরিমাণমতো ডলোচুন ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। পাশাপাশি মাটির উর্বরতা ও গুণাগুণ বজায় রাখতে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক ও নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আর্থিকভাবে লাভবান করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।