• ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের আগে স্বস্তিতে স্পেন, শতভাগ ফিট লামিন ইয়ামাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
ফাইনালের আগে স্বস্তিতে স্পেন, শতভাগ ফিট লামিন ইয়ামাল
সংবাদটি শেয়ার করুন....

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে স্পেন শিবিরে স্বস্তির খবর। দলের অন্যতম সেরা তারকা লামিন ইয়ামাল শতভাগ ফিট এবং ফাইনাল খেলতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস ডি লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বলের দখল নিয়ে লড়াইয়ের সময় পায়ে চোট পান ইয়ামাল। এরপরও তিনি পুরো ম্যাচ খেলেন। তবে ফাইনালের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি, যা তাঁর ফাইনাল খেলা নিয়ে শঙ্কা তৈরি করেছিল। সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ডি লা ফুয়েন্তে বলেন, “ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টির ঠিক আগে লুকা দিনিয়ের সঙ্গে বলের দখল নিয়ে লড়াইয়ের সময় ইয়ামালের পায়ে আঘাত লাগে। এরপর থেকে সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। তবুও পুরো ম্যাচ খেলেছে। ম্যাচের পর তাকে বিশ্রামে রাখা হয়েছিল।”

তিনি আরও বলেন, “আমরা চেয়েছিলাম সে আলাদাভাবে অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। এখন সে পুরোপুরি সুস্থ। চিকিৎসক দলের সঙ্গে কথা হয়েছে, সবকিছুই ইতিবাচক। শারীরিকভাবে সে ফাইনাল খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

স্পেন কোচ জানান, ইয়ামাল ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। তিনি বলেন, “ফাইনালের দুই দিন আগে ইয়ামাল দলের সঙ্গে অনুশীলন করেছে। আজও পুরো দল একসঙ্গে অনুশীলন করেছে। আগামীকাল আমাদের শেষ অনুশীলন সেশন হবে, যা ম্যাচের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে, পেশিতে টান লাগার কারণে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া রাইটব্যাক পেদ্রো পোরোও এখন পুরোপুরি সুস্থ। ইয়ামালের মতো তিনিও সতর্কতামূলক কারণে কয়েকটি অনুশীলন মিস করেছিলেন। তবে ফাইনালের আগে তিনি দলের সঙ্গে স্বাভাবিকভাবে অনুশীলনে ফিরেছেন।

আগামী ২০ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টায়, নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ২০১০ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের পর এবার দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্প্যানিশরা।