• ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা নিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে –মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬, ২০:৩২ অপরাহ্ণ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা নিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে –মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

আজ রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই শহিদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত শেষে মন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, “আজকের এই দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রথম শাহাদাতবরণ করেন আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ এবং চট্টগ্রামের কৃতি সন্তান ওয়াসিম আকরাম। ফ্যাসিবাদী সরকারের বুলেটে যখন তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তারপর থেকেই এই আন্দোলন এক সর্বাত্মক ও ব্যাপক রূপ লাভ করে। যার ফলশ্রুতিতে গত ৫ই আগস্ট পুরো জাতির অংশগ্রহণে আমরা চূড়ান্ত সফলতা লাভ করি এবং ফ্যাসিবাদের পতন ঘটে।

মন্ত্রী আরো বলেন, আজকের এই দিনটিকে আমরা যুগ যুগ ধরে স্মরণ করবো। ১৬ই জুলাইসহ পুরো জুলাই গণঅভ্যুত্থান আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার মূল প্রেরণা। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি নির্বাচিত ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছে।

মন্ত্রী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের সকল স্তরের মানুষকে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।