• ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে জামায়াত নেতা আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ণ
বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে জামায়াত নেতা আটক
সংবাদটি শেয়ার করুন....

বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টার দিকে তাকে হেফাজতে নেওয়া হয়।
বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাতে নাসিরুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি জানার পর সেখানে গিয়ে নাসিরুল ইসলামকে পাওয়া যায়। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
কর্মকর্তারা জানান, সংশ্লিষ্টরা দাবি করেছেন যে তারা পোলিং এজেন্টের তালিকা প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে এ ধরনের তালিকা জমা দেওয়ার সুযোগ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, কেবল পোলিং এজেন্টদের নামের তালিকা দেওয়ার উদ্দেশ্যে জামায়াতের কর্মীরা প্রিসাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন। সেখানে বিএনপির নেতাকর্মীরা জটলা সৃষ্টি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।